দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করেছেন।
রবিবার (১০ মে) শপথ গ্রহণের পরই তিনি একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তের ঘোষণা দেন। নতুন সরকারের প্রথম নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবাসিক গ্রাহকের মাসিক বিদ্যুৎ ব্যবহার ৫০০ ইউনিটের কম, তারা পাবেন ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা।
এ ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
শপথের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক ও জেলেদের কল্যাণেও কাজ করবে সরকার।”
হিন্দুস্তান টাইমস –এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করেছে তামিলনাড়ুর নতুন সরকার।
চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম–এ দেওয়া ভাষণে বিজয় আরও বলেন, “প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এক নতুন শাসনের যুগ শুরু হয়েছে।”



