লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহতে চালানো এক হামলায় শিশুসহ অন্তত সাতজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ এলাকায় একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে তিন দফা ড্রোন হামলা চালানো হয়। এতে এক সিরীয় নাগরিক নিহত হন এবং তার ১২ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়।
লেবানন সরকারের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জনে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের নয়, বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করেই অভিযান পরিচালনা করছে।
ইসরায়েলি হামলার পাল্টা জবাবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিলেও বাস্তবে সংঘাত থামেনি। বর্তমানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী প্রায় ১০ কিলোমিটার এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
গাজার মতো লেবাননের বহু গ্রামও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পরিস্থিতি নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা সম্ভাব্য যুদ্ধাপরাধের আশঙ্কা প্রকাশ করেছে।
সূত্র : বিবিসি


