আইপিএলের মঞ্চে বড় ইনিংস খেলতে পারেননি, কিন্তু মাত্র ১৮ বলের ছোট্ট ঝড়েই ইতিহাস লিখে ফেললেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–এর এই তারকা ব্যাটার চেন্নাই সুপার কিংস–এর বিপক্ষে সর্বোচ্চ রান করা ব্যাটারের নতুন রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন রোহিত শর্মা–কে।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দুজন মিলে ৪.৩ ওভারে যোগ করেন ৩৭ রান।

এরপর ১৮ বলে ২৮ রান করে আউট হন কোহলি। ইনিংসটি খুব বড় না হলেও, এই রানই তাকে পৌঁছে দেয় অনন্য এক মাইলফলকে। চেন্নাই সুপার কিংস–এর বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচে কোহলির সংগ্রহ ১১৭৪ রান। আইপিএলে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে কোনো ব্যাটারের এটিই সর্বোচ্চ রান।

এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মা–র দখলে। কলকাতা নাইট রাইডার্স–এর বিপক্ষে ৩৬ ম্যাচে তিনি করেছিলেন ১১৬১ রান।

কোহলির রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতে দুর্দান্ত ছিল বেঙ্গালুরুর পুরো টপ অর্ডার। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রানের বিশাল সংগ্রহ গড়ে দলটি।

শেষ দিকে ঝড় তোলেন টিম ডেভিড। মাত্র ২৫ বলে ৩ চার ও ৮ ছক্কায় খেলেন অপরাজিত ৭০ রানের বিধ্বংসী ইনিংস। ফিফটি করেন দেবদূত পাড্ডিকাল–ও। তিনি ২৯ বলে করেন ৫০ রান।

এ ছাড়া ফিল সল্ট ৩০ বলে ৪৬ রান করেন। আর অধিনায়ক রজত পাতিদার খেলেন ১৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস।

Share.
Leave A Reply

Exit mobile version