নতুন স্টেডিয়ামে টানা হতাশার পর অবশেষে স্বস্তির হাসি ফুটল ইন্টার মায়ামি শিবিরে। আর সেই হাসির পেছনে আবারও সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। গোল আর অ্যাসিস্টে জাদু ছড়িয়ে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে দলকে ২-০ ব্যবধানে জিতিয়ে নু স্টেডিয়ামে প্রথম জয় উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ এক মাসের অপেক্ষার পর অবশেষে নিজেদের নতুন ঠিকানায় জয়োৎসবে মাতল মায়ামি সমর্থকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩১ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের বক্সের একটু বাইরে থেকে মেসি বল বাড়ান লুইস সুয়ারেজের দিকে। উরুগুইয়ান তারকা দ্রুত বক্সের ভেতরে পাস দেন, সেখান থেকে সেগোভিয়ার বাড়ানো বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে জড়ান মেসি।
প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মায়ামি। বিরতির আগমুহূর্তে আবারও মেসির পায়ের জাদুতে কাঁপে স্টেডিয়াম। লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত পাস দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান জার্মান বার্তেরামে।
দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করেন মেসি। স্টপেজ টাইমে তার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস পান্তেমিস অসাধারণ সেভে মেসিকে মৌসুমের ১৩তম গোল থেকে বঞ্চিত করেন।
এই জয়ে অবশেষে নু স্টেডিয়ামের হতাশা কাটাল ইন্টার মায়ামি। নতুন ভেন্যুতে তিন ড্র ও এক হারের পর এলো প্রথম জয়। বিশ্বকাপ বাছাইয়ের বিরতির আগে মায়ামির আর মাত্র একটি ম্যাচ বাকি। এরপর মেসি ও রদ্রিগো ডি পল আর্জেন্টিনা দলে যোগ দিতে জাতীয় দলের ক্যাম্পে পাড়ি জমাবেন।



