বিদ্যমান অন-অ্যারাইভাল ভিসা কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এবার নতুন করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকাকে এই সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্তের ফলে এই ছয় দেশের নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেই অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন সুবিধার আওতায় দুই ধরনের অন-অ্যারাইভাল ভিসা চালু করা হয়েছে—১৪ দিনের এবং ৬০ দিনের। আবেদনকারীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ১৪ দিনের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৩৪১ টাকা। আর ৬০ দিনের ভিসার জন্য গুনতে হবে ২৫০ দিরহাম, যা প্রায় ৮ হাজার ৩৫১ টাকার সমপরিমাণ।

এর আগে সংযুক্ত আরব আমিরাত ৩৫টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু রেখেছিল। এ তালিকায় ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশ। নতুন ছয়টি দেশ যুক্ত হওয়ায় এই সুবিধাভোগী দেশের সংখ্যা আরও বেড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণ পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকরা যাতে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, বিশ্বমানের পর্যটন, বিনিয়োগবান্ধব পরিবেশ, গতিশীল অর্থনীতি এবং আধুনিক অবকাঠামো সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পান, সে লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version