বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিংসহ প্রয়োজনীয় ভ্রমণসেবা পাওয়া যাবে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি পরিচালিত হবে।
নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা একসঙ্গে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও ভ্রমণ অভিজ্ঞতাও একই প্যাকেজে যুক্ত করার সুযোগ থাকবে। ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল বা ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
তবে এই সুবিধা কেবল সেসব অনুমোদিত ট্রাভেল এজেন্সি দিতে পারবে, যাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা রয়েছে।
সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতকে আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ।
এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো একাধিক সহজীকৃত ভিসা ব্যবস্থা চালু করে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের ভ্রমণ আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বাড়াবে এবং সৌদি আরবকে আরও আকর্ষণীয় বৈশ্বিক ভ্রমণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সরকারের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকদের অবস্থানের সময়, পর্যটন কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশটিতে ব্যয়ের পরিমাণ—সবই বৃদ্ধি পাবে।


