ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয় উপলক্ষে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক।
পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। শেষ পর্যন্ত ব্রাজিল ৩-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর নিজের সেই ঘোষণার বাস্তবায়ন করেন তিনি।
শনিবার (২০ জুন) সকালে খেলা শেষ হওয়ার পর স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে ঝাউতলা গোলচত্বরে এসে সবার সামনে মাথা ন্যাড়া করেন। ঘটনাটি উপস্থিত সমর্থকরা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত আলোচনায় আসে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও নিজের দেওয়া কথা রাখায় রাফির প্রতি অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি প্রশংসাও দেখা গেছে।
কাজী রাফি জানান, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। সেই ধারাবাহিকতায় মজার ছলে দেওয়া একটি চ্যালেঞ্জ বাস্তবে পরিণত করেছেন। নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।


