বিজ্ঞান গবেষণা ও সাহিত্যচর্চা দুই ক্ষেত্রেই অসামান্য অবদান রেখেছেন পূরবী বসু। প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। অন্যদিকে, লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন নারী অধিকার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম এবং সমাজের নানা বৈষম্যের চিত্র। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই বিজ্ঞানী ও লেখক আর নেই।
শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূরবী বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।
তিনি জানান, দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী। এর আগে স্ট্রোকেও আক্রান্ত হন তিনি। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিক্যাল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তিনি। পরে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উচ্চপদে কাজ করার পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কর্মজীবনে বিজ্ঞান গবেষণার পাশাপাশি সাহিত্যচর্চায়ও নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কথাসাহিত্য, কবিতা ও প্রবন্ধ—বিভিন্ন শাখায় ছিল তার বিচরণ। ৪০টির বেশি বই লিখেছেন পূরবী। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার পান তিনি। পরে ২০১৩ সালে অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বিজ্ঞান ও সাহিত্যে অবদানের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন পূরবী বসু।

