বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শারীরিক অস্বস্তির কারণে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এমনকি ভক্তদের পাঠানো চিঠির উত্তরও নিজের হাতে দিতে পারছেন না তিনি। এ জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা। সম্প্রতি বারবার ক্ষমা চাইতে হওয়ার বিষয়টি নিয়েও নিজের আক্ষেপের কথা জানিয়েছেন বলিউডের ‘শাহেনশা’।

ব্যক্তিগত ব্লগে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে এসব কথা লেখেন অমিতাভ। উৎসব এবং তার অসুস্থতার খবর শুনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য উপহার ও শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। তবে উপহারগুলো সংরক্ষণের জায়গা নিয়েও সমস্যায় পড়েছেন অভিনেতা।

ব্লগে অমিতাভ লেখেন, ‘এত মানুষ আমাকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন যে সেগুলি রাখার জায়গা খুঁজে পেতে সমস্যা হচ্ছে। উপহারগুলো যথাযথ ভাবে না রাখলে তাদের আবেগকে অসম্মান করা হবে।’

ভক্তদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিঠি লিখে উত্তর দিতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু যে হাতে তিনি লেখেন, সেই হাতে অস্বস্তি হওয়ায় কাজটি করতে পারছেন না। এ জন্য দেরি হওয়ায় ক্ষমা চেয়ে অভিনেতা লেখেন, ‘নিজের হাতেই প্রত্যেককে উত্তর লিখতে চেয়েছিলাম। কিন্তু যে হাতে লিখি, সেই হাতে কিছুটা অস্বস্তি হচ্ছে। তাই উত্তর দিতে দেরি হচ্ছে। এর জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।’

একই সঙ্গে বারবার ক্ষমা চাইতে হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘কী আর করা যাবে! পরিস্থিতি এমন হয়েছে যে ক্ষমা চাইতে হচ্ছে বার বার। ক্ষমা চাওয়ার মধ্যে তো কোনও অন্যায় নেই।’

এর আগে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার কথা জানিয়েছিলেন অমিতাভ। ঘুমের সমস্যার কথাও উঠে এসেছিল তার ব্লগে। এদিকে শারীরিক অসুস্থতার কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ে তার অনুপস্থিতি ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে। কবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরবেন, এখন সেই অপেক্ষায় তার অনুরাগীরা।

Share.
Leave A Reply

Exit mobile version