মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো যাবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের শেষ সময় ১৫ নভেম্বর নির্ধারণ করেছিল সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট না লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নের অংশ হিসেবে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরপ্লেটের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধনমূলক নকশা বা অতিরিক্ত ডিজাইন করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। সামনে নিবন্ধন নম্বরের একটি অনুলিপি প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে বিআরটিএ বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করা হয়েছে।
বিআরটিএর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের ফলে মোটরসাইকেল মালিকরা আরও সময় পাচ্ছেন। এখন ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত মাপ ও নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।


