বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও রিন্টু (৪৭) (চালক)।
আহতরা হলেন— ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার দিকে যাচ্ছিল মাইক্রো বাসটি। সকাল সাড়ে সাতটার দিকে ছোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাইক্রো বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


