দুর্গাপূজার আগমনী আবহ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে চারপাশে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে সামনে রেখে উৎসবের সাজে ধরা দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গা প্রতিমার সামনে শাড়িতে তোলা কয়েকটি মনকাড়া ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ছবিতে অফ-হোয়াইট শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজে বাঙালিয়ানার আবহে দেখা গেছে পূজা চেরীকে। দুর্গা প্রতিমার সামনে তার এই সাজ ও উপস্থিতি যেন পূজার উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।

শুধু ছবি নয়, পোস্টের সঙ্গে দেবী দুর্গার মহিমা এবং নারীশক্তির জয়গান তুলে ধরে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি— যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

পূজা চেরীর এই সাজ এবং তার অর্থবহ বার্তা সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি জানিয়েছেন ভালোবাসা।

কমেন্টে কেউ কেউ অভিনেত্রীকে ‘দেবী’ আখ্যা দিয়েছেন। আবার অনেকে ‘জয় মা দুর্গা’ ধ্বনি দিয়ে জানিয়েছেন আগাম শারদীয় শুভেচ্ছা। সব মিলিয়ে পূজার আগমনী আবহে পূজা চেরীর এই বাঙালিয়ানার সাজ ও বার্তা নেটিজেনদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

Share.
Leave A Reply

Exit mobile version