ত্রিপুরার আগরতলায় সিনেমার প্রচারণার মঞ্চে দেব ও শুভশ্রী গাঙ্গুলির রসায়ন ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনুষ্ঠানে জনপ্রিয় গানে পারফর্ম করার একপর্যায়ে শুভশ্রীর কপালে হঠাৎ চুমু দেন দেব। মুহূর্তের সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় ‘দেশু ৭’ (DeSu7) সিনেমার বিশেষ প্রচারণা ও লাইভ ইভেন্টের আয়োজন করা হয়। দেব ও শুভশ্রীকে স্বাগত জানাতে এর আগেই বিমানবন্দরে ভিড় করেন ভক্তরা। পরে আগরতলার চিলড্রেনস পার্কে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রচারণামূলক অনুষ্ঠান।

অনুষ্ঠানে শুভশ্রীকে ককবরক ভাষায় কথাও বলতে দেখা যায়। তবে পুরো আয়োজনের মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ে দেব ও শুভশ্রীর উপস্থিতি এবং তাদের পারফরম্যান্স।

সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ একসঙ্গে পারফর্ম করছিলেন দুজন। গান চলার মধ্যেই আচমকা শুভশ্রীর কপালে চুমু দেন দেব। হঠাৎ ঘটে যাওয়া এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘হায় ভগবান, এরা ছবির জন্য আর কী কী করবে।’ আবার একজন মন্তব্য করেছেন, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অন্য একজন লিখেছেন, ‘এরা জানে বাঙালি কী খায়, এরা সেটাই দিচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন, উফফফ, তোমরা কেন যে বিয়ে করলে না।’

এর আগে কলকাতায় এক অনুষ্ঠানে দেব জানিয়েছিলেন, তাকে ও শুভশ্রীকে ঘিরে নানা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও তিনি ভয় পান। দুজনেই নিজেদের মধ্যে সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করলেও আশপাশের মানুষের নানা মন্তব্যের কারণে তা কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছিলেন অভিনেতা।

দেব আরও বলেছিলেন, তাদের দুজনকে নিয়ে যেভাবে জলঘোলা করা হচ্ছে, তাতে সিনেমার প্রচারণায় অংশ নিতেও ভয় লাগে। বিষয়টি নিয়ে তিনি দুঃখও প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, ‘দেশু ৭’ দেবের অভিনয়জীবনের ৫০তম সিনেমা। এতে দেব ও শুভশ্রী গাঙ্গুলির পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-সহ আরও অনেকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share.
Leave A Reply

Exit mobile version