সবার দৃষ্টি এখন পাকিস্তানের দিকে নিবদ্ধ। যুদ্ধবিরতি চুক্তির একটি স্থায়ী সমাধান খুঁজতে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই গুরুত্বপূর্ণ বৈঠকের ওপর নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গত শুক্রবারই তিনি তাঁর দলসহ পাকিস্তানে পৌঁছান। তবে তাঁর এই সফরের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গালিবাফ একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকার একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহার্য কিছু ব্যক্তিগত সামগ্রী।

ছবিটির সঙ্গে তিনি আবেগঘন ক্যাপশন লেখেন—“ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় মার্কিন বাহিনী মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়েও আঘাত হানে, যেখানে দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়।

নিহত শিশুদের স্মরণে এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই গালিবাফ এমন ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version