বাংলাদেশ নারী ফুটবলের পরিচিত মুখ সানজিদা আক্তার এবার নতুন এক অভিজ্ঞতার পথে। প্রথমবারের মতো নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন এই মিডফিল্ডার। আজ বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন।
নেপালের ললিতপুরভিত্তিক ক্লাব জাপা এফসি–র হয়ে এবারের লিগে মাঠে নামবেন বাংলাদেশের এই ফুটবলার। ক্লাবটির আগামীকালই একটি ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচে সানজিদার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
এ বিষয়ে সানজিদা বলেন, “কালকে হয়তো নাও খেলা হতে পারে। সামনে আরও কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।”
এর আগে বাংলাদেশের নারী ফুটবলাররা ভারতের ও ভুটানের লিগে খেললেও নেপালের লিগে অংশ নেওয়ার ঘটনা খুব একটা দেখা যায়নি। নতুন এই অভিজ্ঞতা নিয়ে সানজিদা বলেন, “ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিকও কিছুটা বেশি।”
একসময় বাংলাদেশ নারী ফুটবল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ছিলেন সানজিদা। তবে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ঘটনার পর থেকে জাতীয় দলে আর ডাক পাননি তিনি। ফলে বর্তমানে ঘরোয়া লিগ ও বিদেশি বিভিন্ন ক্লাবে খেলে নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়াই তার মূল ভরসা।



