গ্ল্যামারের আলোয় তিনি বরাবরই উজ্জ্বল। কখনও অভিনয়ে, কখনও গানে, আবার কখনও ফ্যাশন স্টেটমেন্টে আলোচনার কেন্দ্রে থাকেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার কালোর মোহময় আবরণে নিজেকে মেলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঝড় তুলেছেন এই তারকা।

সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, ফারিয়ার পরনে নিকষ কালো রঙের একটি দৃষ্টিনন্দন পোশাক। পোশাকজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট চুমকির কাজ যেন রাতের আকাশে ছড়িয়ে থাকা অসংখ্য তারার দীপ্তি। গলায় মানানসই গহনা, হাতে চুড়ি আর আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। আলতো বাঁকা চাহনি ও ঠোঁটের কোণে মৃদু হাসি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন তাঁরই গাওয়া জনপ্রিয় গান ‘লোকে বলে’-এর একটি লাইন— ‘দূর থেকে দেখে লাভ হবে না আর’। আর সেই লাইন ঘিরেই শুরু হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া।

ছবিগুলো প্রকাশের পরপরই লাইক-কমেন্টে ভরে যায় তাঁর পোস্ট। একজন ভক্ত লিখেছেন, ‘আপনারা তো আসমানের তারা, ধরা-ছোঁয়ার বাইরে। দূর থেকেই দেখে যাই।’ আরেকজনের মন্তব্য, ‘পড়ে না চোখের পলক, কী তোমার রূপের ঝলক!’ অন্য একজন লিখেছেন, ‘খোলা জানালা, দক্ষিণা বাতাসে তোমাকেই ভাবছি।’

মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয় ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বাদশা দ্য ডন’, ‘বস-২’, ‘বিবাহ অভিযান’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও সমানভাবে প্রশংসিত এই তারকা। তাঁর গাওয়া ‘পটাকা’, ‘আমি হাবিবী’ এবং ‘লোকে বলে’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তাই নতুন ছবিগুলো শুধু ফ্যাশনের প্রদর্শনী নয়, যেন তাঁর শিল্পীসত্তার আরেকটি ঝলক— যা ভক্তদের মনে আবারও দোলা দিয়ে গেল।

Share.
Leave A Reply

Exit mobile version