ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর যান চলাচল বাধাগ্রস্ত হতে থাকে। সময়ের সঙ্গে যানবাহনের চাপ বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে এবং ধীরগতিতে চলাচল করছে।
যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম বলেন, জামালদী এলাকা থেকেই তিনি যানজটে পড়েছেন। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার দেড় ঘণ্টা সময় লেগেছে।
বাসচালক আলী আকবর জানান, বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
যানজটে ভোগান্তির কথা জানিয়ে এক বাসযাত্রী বলেন, ঢাকায় চাকরি করার কারণে সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। পাশাপাশি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করা হচ্ছে, এক ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

