দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো আটজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের একজন করে মারা গেছেন।
এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭১৪ জন ঢাকা বিভাগের বাসিন্দা। বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৪৯১ জন।
অন্যদিকে, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী।

