দেশের দুগ্ধ খাতকে টেকসই ও লাভজনক করতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সঠিক ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলবায়ু-সহনশীল দুগ্ধ খাত গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় দুগ্ধ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে জাতীয় চাহিদা রয়েছে ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে কেবল উৎপাদন বাড়ালেই চলবে না; উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনাও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। এ খাতে গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এ সম্ভাবনাকে কাজে লাগাতে খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য উন্নত প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করা জরুরি।
ডেইরি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, পর্যাপ্ত কোল্ড-চেইনের অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এ খাতের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম পশুখাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে একদিকে উৎপাদন বাড়বে, অন্যদিকে পরিবেশদূষণও কমানো সম্ভব হবে।

