ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র ভাগনি এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। তিনি শেখ রেহানা–র মেয়ে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদন সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের জন্য ইতোমধ্যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি ফ্ল্যাট গ্রহণ করেন। রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার বাড়ি নং ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং ৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং বি/২০১-এর দখল তিনি বুঝে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না। তা জানা সত্ত্বেও তিনি তার খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সুবাদে এবং দলীয় প্রভাব ব্যবহার করে ফ্ল্যাটটি গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি রাজউকের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সংস্থাটির আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার ভিত্তিতে একটি অপরাধমূলক ষড়যন্ত্র সংঘটিত হয়েছে বলে দুদকের দাবি।

আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং মামলার প্রমাণ ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। এ অবস্থায় তাকে গ্রেফতার করা প্রয়োজন হলেও তিনি বিদেশে অবস্থান করায় গ্রেফতারের স্বার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version