সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুল তথ্যকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুরে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ‘মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল পাওয়া যাচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়ার পর ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক ওই পাম্পের সামনে জড়ো হন।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল সরবরাহ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন চালকরা। একপর্যায়ে তারা ইসলামপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর পোস্ট থেকেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version