জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজ নামের আগে ‘অ্যাডভোকেট’ যোগ করতে চেয়েছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জন্য তিনি আবেদনও করেছিলেন নির্বাচন কমিশনে (ইসি)। তবে, তার এই আবেদন নামঞ্জুর করে দেয়া হয়েছে। কিন্তু, এতেও দমে যাননি সংসদের হুইপ। ফের করেছেন আবেদন।

বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, সম্প্রতি এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু জাতীয় পরিচয়পত্রে নিজ নাম সংশোধন করে ‘অ্যাডভোকেট’ যোগ করার আবেদন করেন। অর্জিত পদবি নামের আগে যুক্ত করার বিধান না থাকায় কমিশন তা মঞ্জুর করেনি। পরবর্তীতে তিনি পুনর্বিবেচনার আবেদন করেন। তবে, কমিশন এখনও সিদ্ধান্ত দেয়নি।

ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে আদালতের আদেশ থাকায় বিচারপতি নামের আগে পদবি যোগ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাও এনআইডির একটি অংশে রাখা হয়। আর ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, নামের প্রারম্ভে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’, ‘অ্যাডভোকেট’ প্রভৃতিসহ অন্য কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধন করার সুযোগ নেই।

Share.
Leave A Reply

Exit mobile version