ফজলুর রহমান-কে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ফজলুর রহমান হাওরাঞ্চলের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছেন।
বুধবার (৬ মে) রাতে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ফজলুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে সরাসরি ডেকে পাঠিয়েছেন এবং তিনি এলাকাগত বিভিন্ন সমস্যা ও হাওরের পরিস্থিতি তুলে ধরবেন। ফজলুর রহমান জানান, গত কয়েক দিন তিনি নিজ নির্বাচনি এলাকায় ছিলেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
তিনি আরও বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে নির্দেশ দেন এবং তিন মাসের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেন, যা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, এবারের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তার ভাষায়, “আমার স্মরণকালের মধ্যে ধানের হাওরে এত বড় ক্ষতি আর কখনো হয়নি।”
ফজলুর রহমান জানান, শুধু আগাম বন্যাই নয়, টানা ভারী বৃষ্টিপাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির সীমা ছাড়িয়ে পুরো এলাকা প্লাবিত হয়েছে। তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এবারকার ক্ষতি এতটাই ব্যাপক যে কৃষকরা আগামী পাঁচ বছরেও তা কাটিয়ে উঠতে পারবে কিনা সন্দেহ রয়েছে, যদি না দেশীয় ও আন্তর্জাতিক সহায়তা পাওয়া যায়।
সংসদ অধিবেশন শেষ হওয়ার পর তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, জরুরি খাদ্য সহায়তা এবং দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়গুলো তুলে ধরবেন বলে উল্লেখ করেন।



