এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ করা হবে। আগে অনুষ্ঠানটি সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজনের কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেভাবে জানা যাবে ফল

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।

অনলাইনে ফল দেখতে পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার নামের ঘরে ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে। নির্ধারিত স্থানে পরীক্ষার বছর ২০২৬, নিজ শিক্ষা বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই ফল দেখা যাবে। একই ওয়েবসাইট থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

এসএমএসে ফল দেখার নিয়ম

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং 2026। প্রতিটি অংশের মাঝে একটি করে ফাঁকা জায়গা রাখতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে ‘HSC DHA 123456 2026’। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানগুলো যেভাবে ফল সংগ্রহ করবে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের সব পরীক্ষার্থীর ফল একসঙ্গে সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

Share.
Leave A Reply

Exit mobile version