ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘণ্টায় দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসা বার্তাগুলোতে ছিল ‘জাতীয় ঐক্যের’ স্পষ্ট সুর।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আসন্ন শান্তি আলোচনায় অংশগ্রহণের প্রশ্নে রাষ্ট্রের সব অংশ একই অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লিখেছেন—

“ইরানে কোনো কট্টরপন্থি বা মধ্যপন্থি নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব।”

আরও এক পোস্টে তিনি বলেন, “এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ— প্রাণের চেয়েও প্রিয় ইরানের জন্য বিজয় নিশ্চিত।”

এর আগে ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে ‘বিভাজন ও শাসন’ কৌশল হিসেবে দেখছেন ইরানের কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা। তাদের ভাষ্য, তেহরানের সব প্রশাসনিক ও সামরিক শাখা বর্তমানে সর্বোচ্চ নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Share.
Leave A Reply

Exit mobile version