বিশ্ব রাজনীতির টানাপোড়েন আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যখন আতঙ্ক আর অনিশ্চয়তা ঘিরে ধরেছে চারদিক, তখন আশার কথা শোনালেন এক তারকা কণ্ঠ। যুদ্ধের উত্তাপ ও ফ্লাইট বাতিলের জটে দুবাইয়ে আটকে পড়া অসংখ্য ভারতীয় পর্যটকের মধ্যে আছেন জনপ্রিয় মুখও। এমন ভীতিকর বাস্তবতায় শান্তি ও আলোর বার্তা নিয়ে সামনে এলেন বলিউড ও হলিউডে সমান জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
হোলিকা দহনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে লেখেন, ‘বিশ্বজুড়ে এখন অনেক কিছু ঘটছে। আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমার বিশ্বাস, আলো আমাদের সঠিক পথ দেখাবে। এই আলোর মাধ্যমেই সমস্ত মন্দের ওপর ভালোর জয় হবে।’
এদিকে কাজের দিক থেকেও সময়টা দারুণ যাচ্ছে প্রিয়াঙ্কার। তার নতুন সিনেমা দ্য ব্লাফ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জলদস্যুদের রোমাঞ্চকর কাহিনি নিয়ে নির্মিত এই ছবিতে কার্ল আরবান ও ইসমাইল ক্রুজ কর্ডোভার সঙ্গে সমানতালে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।
তবে ভারতীয় দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হলো—দীর্ঘ আট বছর পর ফের দেশীয় সিনেমায় ফিরছেন ‘দেশি গার্ল’। কিংবদন্তি নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি ‘বারাণসী’র মাধ্যমে এই প্রত্যাবর্তন ঘটছে তার।
মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত এই বিগ বাজেট ছবির কিছু অংশের শুটিং হবে অ্যান্টার্কটিকায়। এর ফলে প্রথম কোনো ভারতীয় সিনেমা হিসেবে অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখতে যাচ্ছে ‘বারাণসী’। ছবিটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



