সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ড্রোন সংক্রান্ত একটি ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আকাশে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। ড্রোনটি ধ্বংস হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে যায়। এ সময় ফুজাইরাহর আল রিফা এলাকায় একটি ফার্মে কর্মরত ওই বাংলাদেশির ওপর ধ্বংসাবশেষ আঘাত হানে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।

‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, ড্রোনটি একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে এবং দুর্ঘটনাবশত ওই বাংলাদেশির ওপর আঘাত হানে।

সংগঠনটির দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হলেও ধ্বংসাবশেষের কারণে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক তথ্য জানার জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ঘটনার সত্যতা যাচাই এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version