বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান হিসেবে ধরা হয় অস্কার পুরস্কারকে। তবে সেই মর্যাদাপূর্ণ আয়োজনকেই ঘিরে এবার শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অভিযোগ উঠেছে, বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ‘ইন মেমোরিয়াম’ তালিকায় রাখলেও অস্কারের মূল সম্প্রচারে তাকে স্মরণ করা হয়নি। বিষয়টি সামনে আসতেই ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী।

সম্প্রতি অনুষ্ঠিত অস্কারের সরাসরি সম্প্রচারে প্রয়াত বিশ্ব তারকাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে সেখানে ভারতের ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্রর নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি। অথচ অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত ‘ইন মেমোরিয়াম’ তালিকায় তার নাম ছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন অনেক ভক্ত ও চলচ্চিত্রপ্রেমী।

এদিকে অনেকেই মনে করিয়ে দেন, কিছুদিন আগেই ৭৮তম বাফটা পুরস্কারের মঞ্চে যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা হয়েছিল এই বলিউড তারকাকে। ফলে অস্কারের এমন আচরণকে অনেকেই বৈষম্যমূলক বলেও মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেমা মালিনী বলেন, ‘অস্কারের মঞ্চে যেটা ঘটল তা অত্যন্ত লজ্জাজনক।’ তবে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না বলেও জানান তিনি।

তার ভাষায়, ‘অস্কারের মঞ্চে ধর্মেন্দ্রর সঙ্গে কী করা হলো, সেসব নিয়ে আমি মোটেও ভাবি না। তিনি তার জীবদ্দশায় কখনও খুব বেশি পুরস্কার পাননি। তাহলে আজ কেন আমি অস্কারকে বিশেষ পাত্তা দিতে যাব?’

পুরস্কারের রাজনীতি বা বঞ্চনার প্রসঙ্গে ‘ড্রিম গার্ল’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমরা দু’জনেই আমাদের দেশে যে পরিমাণ ভালোবাসা ও সম্মান পেয়েছি, তাতেই আমরা অনেক খুশি। তবে এটা সত্যি যে, কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রাপ্তি থেকে আমরা বরাবরই বঞ্চিত হয়েছি।’

Share.
Leave A Reply

Exit mobile version