দেশের উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর আয়করের হার বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ করহার বর্তমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা ২০২৭–২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রস্তাবিত করহার আগামী অর্থবছরের পরের বছর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হবে।

কারা এই বাড়তি করের আওতায় আসবেন—এ বিষয়ে তিনি জানান, বছরে ১ কোটি থেকে ৫ কোটি টাকা বা তার বেশি আয় করা ‘সুপার রিচ’ শ্রেণির করদাতাদের একটি নির্দিষ্ট অংশকে নতুন করহারের আওতায় আনা হতে পারে।

এদিকে আয়কর বৃদ্ধির পাশাপাশি আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান।

সভায় ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version