ঢাকা-যশোর রুটে আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও যাত্রীদের দ্রুত বিমান যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে তিন দিন এ রুটে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
ইউএস-বাংলা জানিয়েছে, শনিবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা-যশোর রুটে দুটি করে ফ্লাইট চলবে।
এসব ফ্লাইটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, তিন দিনই প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে।
পরে সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে ১১টা ৩০ মিনিটে ঢাকায় ফিরবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে।
সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে ফ্লাইটটি ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন ওয়ানওয়ে ভাড়া ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত ভাড়ার মধ্যে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ যাত্রা শুরু হয়। এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ঢাকার দ্রুত আকাশ যোগাযোগ তৈরিতে কাজ করছে সংস্থাটি।
বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এবার আবারও যশোর রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে বলা হয়েছে, যশোর অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে দ্রুত ঢাকায় যাতায়াতের চাহিদা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রুটটি পুনরায় চালু করা হচ্ছে।
যাত্রীদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে ঢাকা-যশোর রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।
ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়া সম্পর্কে জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

