ঢাকা-৪ আসনের কদমতলী থানার এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয় জামায়াতপন্থি সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৬ মে বিকেলে সংঘটিত এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে ডিএমপির কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা সড়কে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মো. হাসান তাঁর প্রাইভেটকারে করে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টি করতে পিস্তল দিয়ে ফাঁকা গুলিও ছোড়ে। পরে তারা গাড়ি থেকে ভুক্তভোগীদের টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে।
এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব ও নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ভুক্তভোগী কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আসাদুজ্জামান সাব্বিরকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

