চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার (২ মে) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত পরিচালিত সবগুলো ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেছে।
হজ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রী স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
চিকিৎসাসেবার বিষয়ে জানানো হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৮ হাজার ১৫ জন সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন।
পরিচালক আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।
হজ ব্যবস্থাপনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

