পারস্য উপসাগর থেকে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান নিজে যদি এই প্রণালি ব্যবহার করতে না পারে, তাহলে অন্য কোনো দেশকেও এটি নির্বিঘ্নে ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরানের আধা-সরকারি গণমাধ্যমে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে গালিবাফ এ মন্তব্য করেন বলে রোববার (১৯ এপ্রিল) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি নিউজ।
গালিবাফ বলেন, বর্তমানে কৌশলগত এই জলপথ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার ওপর।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান থেকে সরে না আসে এবং অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল সীমিত করতে বাধ্য হবে তেহরান।

