বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্তজুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে যাতে সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে তেল পাচার না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের অধীন ২৯টি বিওপি ও ৫টি বিশেষ ক্যাম্প থেকে নিয়মিত ও অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।
বিশেষ করে বোতল ও জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।
তিনি জানান, সংশ্লিষ্ট সব সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব।
এ বিষয়ে বিজিবি সবাইকে গুজবে বিভ্রান্ত না হয়ে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত তাদের অবহিত করার আহ্বান জানিয়েছে।

