স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডাকটিকিটের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে বলেন প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং প্রথমে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপরই তিনি স্মারক ডাকটিকিটটি উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
এদিন বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান রুমন জানান, সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার হওয়ায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।

