ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ)। আজ অনলাইনে বিক্রি হচ্ছে ২৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়।
এর আগে ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত রয়েছে।
রেলওয়ে জানায়, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

