রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে।

