রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলা আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আজ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।’

মন্ত্রী বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

এদিকে আজ রামিসার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে সিআইডি। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করে সিআইডি।

তদন্তকারী দলের আশা, ডিএনএ প্রতিবেদনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যা আদালতে আসামিদের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version