আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপ শুরু হচ্ছে আজ রোববার (২৯ নভেম্বর)। প্রথম দিনে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে কমিশনের।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে ইসি জানিয়েছিল, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনের জন্য বিএনপি ও জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে শনিবার আব্দুল মমিন সরকার জানান, আমন্ত্রণ জানানো হলেও বিএনপি ও জামায়াত প্রথম দিনের সংলাপে অংশ নিচ্ছে না। দল দুটি পরবর্তী দিনগুলোর সংলাপে অংশ নেবে। প্রথম দিন বাকি ১৫টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি ইসি।

সংলাপের দ্বিতীয় দিন ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। শেষ দিন ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসির ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version