অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরুর পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।

সংবিধান অনুযায়ী, কোনো অধ্যাদেশ জারি হলে নতুন সংসদের প্রথম অধিবেশনেই তা উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে পাস করতে হয়। অন্যথায় সেগুলোর আইনি বৈধতা থাকে না।

এই বিধান অনুযায়ী গত ১৩ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন।

সংসদে সেগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। পরে সেই প্রস্তাব গৃহীত হয়।

গঠিত এই বিশেষ কমিটি বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেবে।

Share.
Leave A Reply

Exit mobile version