হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বাসায় বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদী হাসান।

লাইভে তিনি দাবি করেন, প্রথমে বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর কিছুক্ষণ পর বিদ্যুতের মিটার লক্ষ্য করে আরও একটি বোমা নিক্ষেপ করা হয়। এতে মিটারটি পুড়ে যায়। এ সময় আশপাশের লোকজনকে ডেকে জড়ো করার পাশাপাশি ঘটনার বিবরণ দেন তিনি। লাইভে পুড়ে যাওয়া বিদ্যুতের মিটারের দৃশ্যও তুলে ধরেন।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা, নাকি বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে সদর মডেল থানা পুলিশ।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, বাড়িটি মাহদী হাসানের চাচার। সেখানে একটি টিনের ঘরের মধ্যে থাকা বিদ্যুতের মিটার থেকে বিভিন্ন অটোরিকশা চার্জ দেওয়া হয়। অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটারটি পুড়ে গিয়ে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version