মানিকগঞ্জে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির পাশেই অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ভূঁইয়া পরিবহনের। এটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। তিনি অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে বাড়ির সামনে পার্কিং করে রাখেন।

শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় যান বাসটির মালিক। এর মধ্যে শনিবার রাতে বাসটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

Exit mobile version