রমজানের শুরুতে সবজির বাজারে চড়া দামের কারণে ক্রেতাদের ভোগান্তি দেখা গেলেও বর্তমানে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর বাজারে। বেশিরভাগ সবজির দাম কমে এলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর খিলক্ষেত, নিউমার্কেটের কাঁচাবাজারসহ আশপাশের বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৩০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ মাত্র সাত দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। ব্রয়লারের পাশাপাশি অন্যান্য মুরগির দামও চড়া। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি প্রায় ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
হঠাৎ এই দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
খিলক্ষেত বাজারে মুরগি কিনতে আসা ক্রেতা সাকিব বলেন, “এক সপ্তাহের মধ্যে এতটা দাম বাড়বে ভাবিনি। আগে ১৮০ টাকায় যে মুরগি কিনেছি, এখন সেটি ২৩০ টাকা দিয়ে নিতে হচ্ছে। এতে সংসারের খরচ অনেক বেড়ে যাচ্ছে।”
অন্যদিকে সবজির বাজারে তুলনামূলক স্বস্তি ফিরেছে। রমজানের শুরুতে যেসব সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, সেগুলোর দাম এখন উল্লেখযোগ্যভাবে কমেছে। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি এখন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের মধ্যে এসেছে।
বর্তমানে বাজারে বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা ৬০ থেকে ৭০ টাকা, ক্ষিরা ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
রোজার আগের দিন যে লেবু হালিপ্রতি ১০০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা নেমে এসেছে ৪০ থেকে ৫০ টাকায়। বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা রোজার আগে ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল।
এছাড়া শসা ও বেগুনের দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। বর্তমানে শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায় এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকায়। লাউ প্রতিটি ৪০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। চালকুমড়া আকারভেদে ৬০ থেকে ৯০ টাকা, মিষ্টি কুমড়া কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা এবং কচু ৪০ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা এবং আলু ২০ টাকা কেজি দরে।
এদিকে রাজধানীর মাছের বাজারেও দামের তারতম্য দেখা গেছে। বাজারভেদে চাষের পাঙাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকা কেজি, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রজাতির ছোট মাছের দাম কেজিপ্রতি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে।


