পবিত্র ঈদুল ফিতরের সময় সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধ করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুইটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন এবং যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়েছে। ধোলাইপাড় এলাকায় চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা এবং সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই এলাকায় নয় হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়ের মধ্যে অভিযান জোরদার করা হয়েছে। বিআরটিএর ভিজিলেন্স টিম নওগাঁ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। একইভাবে অন্য একটি বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রীদের নির্ধারিত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাবতলীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, “ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কল্যাণপুর, গাবতলী ও নবীনগর এলাকায় বিভক্ত হয়ে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট ছাড়া বাস চলাচল, ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা আরোপের পাশাপাশি অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত তুলনামূলক স্বস্তিদায়ক। মহাসড়কে বড় ধরনের যানজট নেই এবং যাত্রীচাপও ধীরে ধীরে কমছে। তবে ভাড়া নৈরাজ্য রোধ করতে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version