নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ। সিরিজ সমতায় ফেরার পর এবার লক্ষ্য একটাই—শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ফিরে এসেছে টাইগাররা, তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ ফাইনাল লড়াইয়ের মঞ্চ। এখন সব হিসাব গড়াচ্ছে শেষ ম্যাচে, যেখানে জয়ী দলই হবে সিরিজের মালিক।
এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ ওয়ানডের স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব, যা বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে। শুরুতে ম্যাচটি দুপুরে শুরুর কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সময় এগিয়ে এনে বেলা ১১টায় শুরু করার সম্ভাবনা রয়েছে।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।



