শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।

মৃত শিশুরা হচ্ছে মধ্যনাকশী গ্রামের মো. হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী রোহান (৮) এবং একই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইসমাইল (৯)।

এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা থেকে দুই শিশুর স্বজন ও স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোমবার সকালে স্থানীয় একটি বড় পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।

এলাকাবাসীর ভাষ্য, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version