ইরানের মানবাধিকার আন্দোলনের অন্যতম মুখ ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে আবারও কঠোর শাস্তির মুখোমুখি হতে হলো। দেশটির একটি আদালত তাকে মোট ছয় বছরের কারাদণ্ড, নির্বাসন ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

রোববার দেওয়া রায়ে ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশ’ অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। একই সঙ্গে তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ছাড়া ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, মানবাধিকার নিয়ে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে বহুবার বিচার ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে।

গত এক দশকের অধিকাংশ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গেও দেখা করতে পারেননি তিনি।

সূত্র: এএফপি।

Share.
Leave A Reply

Exit mobile version