আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ঘোষিত ১১ দফা কর্মসূচির মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

শহীদ আসাদের আত্মত্যাগই যেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের দ্বার উন্মুক্ত করে দেয়। তাঁর রক্তমাখা শার্ট হয়ে ওঠে স্বাধীনতাকামী গণমানুষের প্রাণের পতাকা এবং গণ-আন্দোলনের প্রধান প্রেরণা। স্বাধিকারের দাবিতে সোচ্চার হয়ে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। ক্রমেই আন্দোলন রূপ নেয় তীব্র গণ-অভ্যুত্থানে। এরই ধারাবাহিকতায় ১৯৬৯ সালের মার্চের শেষভাগে গণ-আন্দোলনের মুখে পতন ঘটে আইয়ুব খানের সামরিক শাসনের।

শহীদ আসাদ গণতন্ত্রপ্রেমী মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন—এ কথা উল্লেখ করে শহীদ আসাদ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহীদ আসাদসহ দেশমাতৃকার কল্যাণে আত্মদানকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশের প্রতি নিজের দায়িত্ব পালনে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে যুগে যুগে অনুপ্রাণিত করবে।”

দিবসটি উপলক্ষে পৃথক বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। ছাত্রনেতা আসাদুজ্জামানের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি জীবন উৎসর্গ করে গেছেন, তার পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অবশ্য কর্তব্য।”

কর্মসূচি : নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শহীদ আসাদ দিবস পালিত হবে। দিনটি উপলক্ষে সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথসংলগ্ন শহীদ আসাদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে আসাদের পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিভিন্ন সংগঠনের আয়োজনে থাকবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া আসাদের জন্মস্থান নরসিংদীর শিবপুরসহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version