আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। মঙ্গলবার ২৩ হাজার আন্তর্জাতিক রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এই কীর্তি গড়তে ৫২১টি ইনিংস লেগেছে রুটের, যা তাকে দ্রুততম ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে দিয়েছে।

মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। এরপর দারুণ এক ফ্লিকে বল সীমানার বাইরে পাঠিয়েই পূর্ণ করেন ২৩ হাজার আন্তর্জাতিক রান। এর মধ্য দিয়ে ৫২২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছানো ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন তিনি।

তবে দ্রুততম হিসেবে এখনো সবার ওপরে আছেন ভারতের বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন তিনি।

রুট হলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করা অষ্টম ব্যাটার এবং প্রথম ইংরেজ। তার আগে এই তালিকায় জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।

এর আগে টেস্ট ক্রিকেটেও একাধিক রেকর্ডে শচীনকে পেছনে ফেলেছেন রুট। সম্প্রতি টেস্টে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন ইংলিশ এই ব্যাটার। এবার তার নজর শচীনের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে।

শচীনের ১৫৯২১ টেস্ট রানের বিপরীতে বর্তমানে রুটের সংগ্রহ ১৪২৭৮ রান। অর্থাৎ ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে আরও ১৬৪৩ রান প্রয়োজন তার।

শুধু রান নয়, টেস্ট ম্যাচের সংখ্যার দিক থেকেও শচীনের আরেকটি রেকর্ড ছোঁয়ার পথে রয়েছেন রুট। ২০০ টেস্ট খেলা শচীনের কীর্তিতে পৌঁছাতে ইংলিশ ব্যাটারকে খেলতে হবে আরও ৩১টি ম্যাচ।

Share.
Leave A Reply

Exit mobile version