নয় বছরের এক রূপকথার অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। অসংখ্য গোল, শিরোপা আর স্মরণীয় মুহূর্তে ভরা লিভারপুল ক্যারিয়ারের শেষটা অবশ্য প্রত্যাশামতো হয়নি। চলতি মৌসুমে চোট, ছন্দহীনতা আর কোচ আর্নে স্লটের সঙ্গে দ্বন্দ্ব—সব মিলিয়ে সময়টা ছিল তিক্ততায় ঘেরা। তবু বিদায়ের ক্ষণে সব অভিমান ছাপিয়ে উঠে এলো ভালোবাসা, কৃতজ্ঞতা আর আবেগের গল্প। আনফিল্ড ছেড়ে যাওয়ার আগে সালাহ জানিয়ে দিলেন, লিভারপুল তার হৃদয়েরই একটি অংশ হয়ে থাকবে সবসময়।
লিভারপুলে শেষ হচ্ছে মোহাম্মদ সালাহর ৯ বছরের বর্ণাঢ্যময় ক্যারিয়ার। এই দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে হতাশা আর যন্ত্রণার সময় কেটেছে চলতি মৌসুমে। মাত্র ২৬টি লিগ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন সাতটি। গত ডিসেম্বরে দলের বাজে পারফরম্যান্সের পর বেঞ্চে বসতে হয়েছিল তাকে, পরে বাদও পড়েন একাদশ থেকে। তখনই কোচ আর্নে স্লটের সঙ্গে তার বিবাদের বিষয়টি প্রকাশ্যে আসে।
যদিও সময়ের সঙ্গে সেই দ্বন্দ্বের অবসান হয়েছে। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এই মিসরীয় ফরোয়ার্ড। শেষটা সুখকর না হলেও, লিভারপুল ও ক্লাবটির সমর্থকদের প্রতি নিজের গভীর ভালোবাসার কথাই তুলে ধরলেন বিদায়ী বার্তায়।
আগামীকাল (রোববার) ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে সালাহর লিভারপুল অধ্যায়। বিদায়ী ম্যাচের আগে ক্লাবের প্রযোজিত ভিডিওচিত্র ‘সালাহ: ফেয়ারওয়েল টু দ্য কিং’-এ আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“এই ক্লাব আমার কাছে সবকিছু। এখানকার মানুষ, এই শহর—সবই আমার খুব আপন। আমি সবসময় লিভারপুলকে ভালোবাসব এবং সমর্থন দিয়ে যাব।”
লিভারপুলের জার্সিতে সালাহর অর্জনের তালিকাও ঈর্ষণীয়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪১ ম্যাচে করেছেন ২৫৭ গোল, সঙ্গে ১১৯ অ্যাসিস্ট। জিতেছেন প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় শিরোপাও।
বিদায়ের মুহূর্তে সমর্থকদের ভালোবাসার কথা বিশেষভাবে স্মরণ করেন তিনি। সালাহ বলেন, “এই ক্লাবে দীর্ঘদিন খেললে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা আর সম্মান পাওয়া যায়, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। দলের জন্য যা করেছি, তার স্বীকৃতি সবাই দিয়েছে। এই অনুভূতি সত্যিই বিশেষ। আমি অভিভূত।”
তিনি আরও বলেন, “খুব বেশি খেলোয়াড় এখানে নয় বছর খেলার সুযোগ পায় না। আর আমার মতো এই পুরো যাত্রাটা উপভোগ করার সুযোগও সবার হয় না। এটা সত্যিই এক আশীর্বাদ, যেটাকে আমি কখনো হালকাভাবে নিই না।”

